কবিতা

এই বসন্তে

সামান্য দূরত্বে থাকো
তবু দেখা পাই না কো
মাঝে ঘন-তরু-বন-
      ছাওয়া-অন্ধকার

শীতে পাতা ঝরে ক্রমে
আড়াল গিয়েছে কমে
আবার এলো কি দিন 
        তোমাকে দেখার?

সে সাথে মরমি, খুনে
হাওয়া বয় অলক্ষুণে 
তনুতে পশে সে করে
      আমাকে আসামি

কেবল তুমিই ছুঁলে 
রজের মুকুল ও ফুলে
বসন্তে, পাতার সাথে
       ঝরে পড়ি আমি—

        একান্ত নির্ভার।