গজারিয়া

হোটেলে মাদক ব্যবসার অভিযোগ, আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকার মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওই হোটেলে অভিযান চালায় গজারিয়া থানা পুলিশ।

জানা যায়, কয়েকজন মিলে রেস্তোরাঁটি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে তারা হোটেলে খাবার পরিবেশনের আড়ালে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মালিকপক্ষের আব্দুল কাদির (৪৫), পিতা মৃত মানিক মিয়া, গ্রাম ভাটিবন্দর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; কর্মচারী মিজান (৪০), পিতা মৃত আবু মিয়া, গ্রাম গল্লাই কমপ্লেক্স, চান্দিনা, কুমিল্লা এবং মো. আলম (২৬), পিতা আব্দুর রব, গ্রাম ছিন্নমূল (ছলিমপুর), সীতাকুণ্ড, চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলের জেনারেটর রুমে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা একটি ট্রাংকে রাখা গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

অভিযানে স্থানীয় সহায়তাকারী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে রেস্তোরাঁর মালিকপক্ষের সহায়তায় সেখানে মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এর আগে দুইবার অভিযান চালানোর চেষ্টা করা হয়েছিল। পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।