রাজশাহীতে ১৬ ককটেল ৪ পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী মহানগরীর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাসস জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া সিটিহাট টু কামালচত্বর এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, এসআরবি-৫, সিপিসি কোম্পানি রাজশাহী-এর অপারেশন দল গোপন খবরে জানতে পারে যে রাজশাহী মহানগরীর শাহ খদুম থানাধীন তালপুকুরিয়া সিটিহাট টু কামালচত্বর রাস্তার পূর্ব পার্শ্বে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পুঁই শাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এরপর এসআরবি’র আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি শপিং ব্যাগ উদ্ধার করে। পরে বোম ডিসপোজাল ইউনিটসহ তল্লাশি করে একটি সাদা রঙের শপিং ব্যাগের মধ্যে কসটেপ মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করার পর উদ্ধার করা আলামতসমূহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।