ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি এইচআরডিএসের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়মিত আয়োজনসহ ১৪ দফা দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এইচআরডিএস।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন এবং মানবাধিকার লঙ্ঘন, হয়রানি, বৈষম্য ও নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ গ্রহণে স্বাধীন ‘হিউম্যান রাইটস ডেস্ক/সেল’ প্রতিষ্ঠা।

এ ছাড়া পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর জন্য অনলাইন ও অফলাইন ব্যবস্থা চালু, যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে কার্যকর করা এবং অভিযোগ তদন্তে গোপনীয়তা, নিরপেক্ষতা ও দ্রুততা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে ক্যাম্পাস, আবাসিক হল, পরিবহন ও লাইব্রেরিতে নিরাপত্তা জোরদার, আইনগত সমস্যায় পড়া শিক্ষার্থীদের প্রাথমিক আইনি সহায়তার জন্য রেফারেল ব্যবস্থা চালু এবং মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।

পাশাপাশি হলে আসন, খাবার, চিকিৎসা ও প্রশাসনিক সেবায় বৈষম্য বন্ধ, বিশেষ সক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য অবকাঠামো নিশ্চিত এবং ধর্ম, জাতিসত্তা, নৃগোষ্ঠী, ভাষা ও পরিচয়ের ভিত্তিতে বৈষম্য প্রতিরোধের দাবি জানানো হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার পাশাপাশি গুরুতর মানবাধিকার সংকটে দ্রুত ব্যবস্থা নিতে ‘ইমার্জেন্সি রেসপন্স মেকানিজম’ চালুর দাবিও রয়েছে সংগঠনটির ১৪ দফায়।

ডাকসু নির্বাচন নিয়মিত করার দাবি

১৪ দফার শেষ দাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়মিত আয়োজনের জন্য নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছে এইচআরডিএস। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি ও গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন, সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত, নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি এবং ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে এইচআরডিএসের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মো. সৌরভ ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিলা হক অপরাজিতা স্বাক্ষর করেন।