প্রকাশ পেল দুই বাংলার দুই পরিচিত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই অ্যালবামে গান রয়েছে ৮টি। সবগুলো গানে সুর করেছেন জয় শাহরিয়ার। ৪টি গান গেয়েছেন রূপঙ্কর বাগচী ও ৪টি গেয়েছেন জয় শাহরিয়ার। গানের কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান ও জয় শাহরিয়ার। আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যালবামটি এখন শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, আই টিউন্স, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিশ্বের সব ক’টি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এই অ্যালবাম প্রসঙ্গে রূপঙ্কর বলেন, ‘জয়ের সঙ্গে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে আমার পছন্দের গীতিকবি, সুরকার সে। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’ জয় শাহরিয়ার বলেন, ‘রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন, তাদের মাঝে রূপঙ্করদা নিজগুণে অনন্য।’