রাজবাড়ীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু 

রাজবাড়ীতে পানিতে ডুবে নাজমুল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাজমুল একই এলাকার বাবলু শেখের ছেলে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়,  বুধবার বিকেলে বাড়ির পাশেই একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলা শেষে মাঠের পাশেই একটি পুকুরে হাতমুখ ধুতে গিয়ে পুকুরে পরে যায় সে। এসময় সঙ্গে থাকা বন্ধুরা পুকুরে তাকে খোঁজাখুঁজি করে। তারা নাজমুলকে খুঁজে না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে মাছধরা বেড় জালের সাহায্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমুল মৃগীরোগে আক্রান্ত ছিল বলে পরিবারের সূত্রে জানা যায়। 
মূলঘর ইউনিয়নের ইউপি সদস্য মো. আরশাদ আলী  মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বলেন, এটি একটি অকাল মৃত্যু। এটা মেনে নেওয়া কঠিন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমাদের আরও সচেতন হতে হবে।