অনেকেরই পা ঝুলিয়ে বসে থাকার কারণে পা ফুলে যায়। তাই একটানা পা ঝুলিয়ে বসে না থেকে বরং পা কিছুক্ষণ উঁচু করে রাখুন। বিশেষ করে শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে হৃদ্যন্ত্রের সমতল বা তার চেয়ে কিছুটা উঁচুতে রাখুন। একটানা বসে থাকবেন না। দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসে না থেকে প্রতি ৩০ থেকে ৬০ মিনিট পরপর উঠে কয়েক মিনিট হাঁটুন। পায়ের পেশি সচল রাখার চেষ্টা করুন। বসে থাকা অবস্থায় গোড়ালি ওঠানো-নামানো এবং পায়ের আঙুল সামনে-পেছনে নড়াচড়া করুন। লবণ কম খেতে হবে। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখতে পারে, ফলে পা আরও ফুলে যাবে। পর্যাপ্ত পানি পান করুন। প্রয়োজন অনুযায়ী পানি পান করুন। তবে হৃদ্যন্ত্র বা কিডনির রোগে চিকিৎসকের দেওয়া পানি পানের সীমা মেনে চলুন। অতিরিক্ত আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। বিশেষ করে কোমর ও পায়ের আশপাশে বেশি চাপ পড়ে এমন পোশাক না পরাই ভালো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা একই ভঙ্গিতে বসে থাকলে পা ফুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে বারবার পা ফুললে শুধু বসার কারণে হচ্ছে ধরে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। হঠাৎ এক পা ফুলে যাওয়া, তীব্র ব্যথা, লাল বা গরম হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথা হলে দ্রুত চিকিৎসা নিন।