সু চি’র প্রতি নমনীয় থাকার বার্তা হ্লাইংয়ের

মিয়ানমারের গণতন্ত্রপন্থি কারাবন্দি নেত্রী অং সান সু চির প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করা হচ্ছে বলে দাবি করেছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা ও বর্তমান বেসামরিক প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গতকাল বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে হ্লেইং বলেছেন, ২০২১ সালে যাকে তিনি ক্ষমতাচ্যুত ও কারারুদ্ধ করেছিলেন, সেই অং সান সু চির প্রতি তিনি ‘অত্যন্ত নমনীয়’ আচরণ করেছেন। অভ্যুত্থানের আগের বছরের নির্বাচনে সু চি ব্যাপক জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন অভিযোগ তুলে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই সু চির নেতৃত্বাধীন সরকার উৎখাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন মিন অং হ্লাইং।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সু চিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো অভিযোগে আটকে রাখা হয়েছে; যার মূল লক্ষ্য ছিল ক্ষমতার মসনদে সামরিক বাহিনীকে ফিরিয়ে আনা। স্বাধীনতা লাভের পর থেকে ইতিহাসের বেশিরভাগ সময়জুড়ে মিয়ানমার শাসন করে আসছে এই সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে মিন অং হ্লাইং বলেন, ‘আমি তার প্রতি অত্যন্ত নমনীয় থেকেছি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য আমরা সম্ভাব্য সব চেষ্টাই করেছিলাম।’