টম ক্রুজের সিনেমার প্রিমিয়ারে রাজপরিবার

লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো টম ক্রুজ অভিনীত নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এর বিশ্ব প্রিমিয়ার। গত মঙ্গলবার রাতের এই বিশেষ প্রদর্শনীতে রাজকীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন (কেট মিডলটন)। পরিচালক আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতুর এই স্যাটায়ারিক্যাল ব্ল্যাক কমেডিতে ধনকুবের তেল ব্যবসায়ী ‘ডিগার রকওয়েল’ চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে। দ্য ফিল্ম অ্যান্ড টিভি চ্যারিটির সহায়তায় আয়োজিত ঐতিহ্যবাহী ‘রয়্যাল ফিল্ম পারফরম্যান্স’-এর অংশ হিসেবে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়, যার অর্জিত অর্থ সংস্থাটির কল্যাণমূলক তহবিলে প্রদান করা হবে।

প্রিমিয়ার উপলক্ষে পুরো লেস্টার স্কয়ার রূপ নেয় ছবির দৃশ্যপটে। রেড কার্পেট ঘিরে ছিল আর্কটিক মহাসাগরের থিম, সিনেমার ব্যবহৃত বেলচা ও ক্রুজের ছবি। প্রদর্শনীতে রাজপরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রুজ বলেন, শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের সমর্থন সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে কালচে ভেলভেট স্যুট জ্যাকেটে প্রিন্স উইলিয়াম এবং আভিজাত্যপূর্ণ বেগুনি গাউনে কেট মিডলটন সবার নজর কাড়েন।