তৌসিফের সঙ্গে নবাগত শ্রেয়সী

প্রাচীন বাংলার রূপকথার মিথকে আধুনিক প্রেম, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের আলোকেই আইস্ক্রিন অরিজিনাল হিসেবে নির্মিত হচ্ছে নতুন ওয়েবে সিরিজ ‘প্রাণভোমরা’। ভিকি জাহেদের পরিচালনায় এই সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বুধবার দুপুর চ্যানেল আইয়ের স্টুডিও প্রাঙ্গণে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব ও নবাগত শ্রেয়সী শ্রেয়া।

সিরিজটি ঠাকুরমার ঝুলির সরাসরি রূপান্তর নয়, বরং ভালোবাসার অনুসন্ধান ও অদৃশ্য অনুভূতির রহস্য উদ্ঘাটনে আধুনিক প্রেক্ষাপটে নির্মিত। ‘চক্র’ ও ‘চক্র ২’-এর সাফল্যের পর সম্পূর্ণ নতুন কনসেপ্টে কাজটি করছেন ভিকি জাহেদ।

প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব এবং শ্রেয়সী শ্রেয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। তৌসিফ মাহবুব জানান, নতুনদের সঙ্গে কাজ করার ক্ষুধা এবং কাজের মান দুটোকেই প্রাধান্য দিয়ে তিনি প্রজেক্টটিতে যুক্ত হয়েছেন। প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে শ্রেয়া জানান, ফিটনেস রূপান্তর এবং গ্রুমিং প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

আগামী অক্টোবরে শুটিং শুরু হতে যাওয়া এই সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।