গানের পথে দেখা

প্রকাশিত হয়েছে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’। আজব রেকর্ডস থেকে আসা এই অ্যালবামে গান রয়েছে ৮টি। জয়ের সুর করা গানগুলোর চারটিতে রূপঙ্কর ও চারটিতে জয় নিজে কণ্ঠ দিয়েছেন। গীতিকার হিসেবে আছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান ও জয় শাহরিয়ার।

অ্যালবামটির গানগুলো হলো ‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘তুমি’, ‘অসুখ’ এবং ‘ভালো আছি’। এটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, আইটিউনস, ডিজার ও স্বাধীন মিউজিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

দীর্ঘ এক যুগের কাজের অভিজ্ঞতা তুলে ধরে রূপঙ্কর বলেন, বাংলাদেশের পছন্দের সুরকারের সঙ্গে করা নিজের গানগুলো অ্যালবাম আকারে প্রকাশিত হওয়ায় তিনি আনন্দিত। অন্যদিকে রূপঙ্করকে অনন্য শিল্পী আখ্যা দিয়ে জয় শাহরিয়ার জানান, এই কাজ তার সংগীতজীবনের অন্যতম বড় প্রাপ্তি।