১,০০০ পেশাদার গোলের অবিস্মরণীয় মাইলফলকে পৌঁছানোকেই নিজের ক্যারিয়ারের "সোনায় সোহাগা" হিসেবে দেখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলে নতুন কোচ জর্জ জেসুসের যোগদানের মধ্য দিয়ে শুরু হওয়া নতুন যুগে নিজের ভবিষ্যৎ ও লক্ষ্য নিয়ে এমনটাই জানিয়েছেন ৪০ পেরোনো এই কিংবদন্তি।
ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে লিসবনের বাইরে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত 'পর্তুগাল ফুটবল সামিট'-এ গণমাধ্যমের মুখোমুখি হন রোনালদো। তিনি জানান, বয়স ৪১ স্পর্শ করলেও দেশের ফুটবলকে দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে তাঁর।
আন্তর্জাতিক পর্তুগিজ অধিনায়কের বর্তমান ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৯টি, যার মধ্যে জাতীয় দলের হয়ে করেছেন ১৪৬টি। ১,০০০ গোলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তাঁর প্রয়োজন আর মাত্র ২১টি গোল। নেশনস লিগ জয় নাকি ১,০০০ গোল পূরণ—কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নে হাসিমুখে রোনালদোর উত্তর, "দুটি লক্ষ্যই অর্জন করতে চাই—১,০০০ গোল ছোঁয়া এবং পর্তুগালকে নেশনস লিগ জেতানো।"
তিনি আরও যোগ করেন, "জাতীয় দলের জার্সিতে ১,০০০তম গোল করা হবে এক অসাধারণ গল্পের চূড়ান্ত অধ্যায়। তবে এটাই শেষ নয়, তবে এটি হবে এক সুন্দর রূপকথা।"
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হন নতুন কোচ জর্জ জেসুস। বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর চিন্তা করলেও ফুটবল ফেডারেশন ও নতুন কোচের সাথে আলোচনার পর সিদ্ধান্ত বদলান রোনালদো।
রোনালদো বলেন, "তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি বিশ্বাস করি মাঠের পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে আমি সক্ষম। তবে কোচ যদি একদিন মনে করেন আমি দলে অবদান রাখতে পারছি না বা খারাপ পরিবেশ তৈরি করছি, তবে নিজের ব্যাগ গুছিয়ে চলে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা থাকবে না।"
সমালোচকদের কড়া জবাব
এত বছর ধরে গণমাধ্যমের অব্যাহত সমালোচনার জবাবে রোনালদো নিজের আত্মবিশ্বাসী মনোভাব বজায় রেখে বলেন, "বছরের পর বছর ধরে তারা আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই তা সম্ভব নয়। এমনকি বন্দুকের গুলি চালিয়েও আমাকে থামানো যাবে না; আমি সবসময়ই বু বুলেট এড়িয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি।"
অবসরের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি কেবল প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। ১,০০০ গোলের পাহাড় ছোঁয়ার মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোনালদো এখন পর্তুগালের জার্সিতে মাঠ কাঁপাতে পুরোপুরি প্রস্তুত।