ইউরোপীয় ও বিশ্বমুকুট জয়ের পর এবার নতুন মিশন শুরু করতে যাচ্ছে স্পেন। তার অংশ হিসেবে আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে স্কোয়াড ঘোষণার পাশাপাশি নজর কেড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রকাশ করা একটি বিশেষ ভিডিও। রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার কেন্দ্রে থাকা স্প্যানিশ ছিটমহল ‘সেউতা’র পটভূমিতে তৈরি করা ওই ভিডিওর মাধ্যমেই মূলত নেশনস লিগের দল ঘোষণা করেছে লা রোহারা।
সম্প্রতি উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতা সফরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মূলত সাম্প্রতিক সময়ে হাজার হাজার অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে রাজনৈতিক ও মানবিক বিতর্কের মুখে পড়া ওই শহরটিকে ঘিরেই তৈরি হয়েছে ভিডিওটি। যেখানে ল্যামিন ইয়ামাল, রদ্রি ও উনাই সিমোনদের মতো তারকারা বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সেউতার সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।
সেই ভিডিওতে সেউতার প্রতি সংহতি প্রকাশ করে কোচ ফুয়েন্তে বলেন, ‘এই ট্রফিটি বলে দেয় আমরা কোথা থেকে এসেছি এবং এই খেলোয়াড়েরা ঠিক করবে আমরা কোথায় যাব, আমাদের যাত্রা এখানেই অব্যাহত রয়েছে। এটি সেউতা, এটি স্পেন।’
সেউতার এই আবেগঘন বার্তার পাশাপাশি মাঠের খেলায়ও বড় পরিবর্তনের ছোঁয়া এনেছেন স্প্যানিশ কোচ। বিশ্বজয়ী স্কোয়াড থেকে চারটিতে পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে গোলরক্ষক জোয়ান গার্সিয়া ছিটকে যাওয়ায় ইন্টার মিলান গোলরক্ষক জোসেপ মার্তিনেজ দলে ফিরেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন এবং বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ দলে ফিরেছেন।
অন্যদিকে মার্কোস লরেন্তের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এবং গাভি ও বোরহা ইগলেসিয়াসের ফিটনেস সমস্যার কারণে জায়গা হয়নি স্কোয়াডে। নেশনস লিগের শুরুতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষদের।
নেশনস লিগের জন্য স্পেনের পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, জোসেপ মার্তিনেজ।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, লাপোর্ত, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেয়া, গ্রিমালডো।
মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্দ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বায়েনা, ফেরমিন লোপেজ।
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ওইয়ারজাবাল, ফেররান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল, ভিক্টর মুনোজ।
মেসির বিদায়ী ম্যাচের আগে ভেন্যু বদল আর্জেন্টিনার