পটুয়াখালীর দুমকিতে সাত পিস ইয়াবাসহ মো. হাসান নামে এক যুবককে আটক করে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুমকি থানা উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. রুবেল আজাদ এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মো. হাসান (৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব ঘরামীর ছেলে
এসআই মো. রুবেল আজাদ জানান, মঙ্গলবার রাতে এসআই (নিরস্ত্র) মো. রুবেল আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম সরোয়ার হাফিজিয়া মাদ্রাসা সড়কে অভিযান চালান। এ সময় রাব্বির চায়ের দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট কিনে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় মো. হাসানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় অপরাধ আমলে নিয়ে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন বলে জানান তিনি।