চট্টগ্রামের আনোয়ারায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই বিনা পদক্ষেপে, বিনা যত্নে, বিনা চেষ্টায় ব্যর্থ হতে দিতে চায় না। সরকার মেরিন খাতের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। তাই এই খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সরকারকে জানালে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদলপুরায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বিশ্ব মেরিটাইম দিবস ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র্যালি, বেলুন উড়ানো, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুধু সমুদ্রগামী নাবিক তৈরির মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। শিপ ম্যানেজমেন্ট, বন্দর পরিচালনা, জাহাজ নির্মাণ ও মেরামত, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, মেরিন ইনস্যুরেন্সসহ বিভিন্ন শোর-বেইজড মেরিটাইম সেবা সম্প্রসারণের মাধ্যমে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া, নৌপরিবহন বিভাগের মহাপরিচালক কমোডর মো.শফিউল বারী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমাড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম।
তিনি বক্তব্যে বলেন, নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব।