চট্টগ্রাম থেকেই ইসলামের জয়যাত্রা শুরু হবে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

‘চট্টগ্রামকে ইসলামের দরজা’ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিবিজড়িত সীরাতুন্নবী (স.) মাহফিলের এই চট্টগ্রাম থেকেই ইসলামের জয়যাত্রা শুরু হবে। তিনি অত্যাচারী কর্তৃত্ববাদী সমাজের পরিবর্তে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে রাসুল (স.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অন্য সব জীবনাদর্শ, মতবাদ, আইন-কানুন ও শাসনব্যবস্থার ওপর বিজয়ী হওয়ার জন্যই নবী করিম (স.)-কে উত্তম আদর্শ ও জীবনবিধান দিয়ে আল্লাহ তায়ালা পৃথিবীতে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনেও এর উল্লেখ রয়েছে। কীভাবে মানুষের প্রতি সুবিচার করা যায়, কীভাবে প্রশাসন পরিচালনা করতে হয় এবং সমাজে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়—সবকিছুই তাঁর আদর্শে বিদ্যমান। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে অত্যাচারী কর্তৃত্ববাদী সমাজের পরিবর্তে নতুন বাংলাদেশ গড়তে হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকা মদীনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আজহারী অনুষ্ঠানে বক্তব্য দেন। চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. নুরুল আমীন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত