কালিয়াকৈরে মধ্যরাতে ভয়াবহ আগুন, নিঃস্ব ২৮ পরিবার

গাজীপুরের কালিয়াকৈরে দুটি কলোনির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের হাত থেকে প্রাণে বাঁচলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ২৮টি পরিবার। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই পোশাকশ্রমিক।

এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় আমিনুল ইসলামের কলোনিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের রাসেল আহমেদের কলোনি ও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের আতঙ্কে বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে দুটি কলোনির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে যায়। আগুনে নগদ টাকা, চাল-ডাল, আসবাবপত্র, বৈদ্যুতিক মিটার, তার, ফ্যান, কাপড়চোপড়, কাঁথা-বালিশসহ ঘরের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নেওয়ার সুযোগ পাননি তারা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আগুনে তাঁদের প্রায় সবকিছু পুড়ে গেছে।  

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এএইচএম ফখরুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দুটি করে কম্বল ও নগদ অর্থ দেওয়া হয়। উপজেলা ও পৌরসভার পক্ষ থেকেও প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে এক হাজার টাকা করে এবং কয়েক দিনের শুকনো খাবার দেওয়া হয়েছে।

কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা দেওয়া হবে। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা করে এবং স্থাপনার মালিকদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।