গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

গাজীপুরের কাশিমপুরে ঝাল মুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন আহত হয়ে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন। কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এঘটনা ঘটে৷

নিহত গাজী রাফেজ আহমেদ (৩৫) খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে, পেশায় পোশাক শ্রমিক।

অভিযুক্ত আতাউর রহমান (৪২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। এসময় পাশের আরেকটি দোকানের ঝাল মুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন। রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের ওপর হামলা চালান। হামলায় রাফিজের পেটে ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপপরিদর্শক (এস আই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত