ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ ক্রিকেটার

ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের ২৪ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির হতে বলা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ২৩ জুলাই ওলথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ গঠন করে পুলিশ। ক্ষতিগ্রস্ত ওই নারীকে পুলিশের বিশেষায়িত কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা দিচ্ছেন।

অভিযোগ গঠনের ঠিক দুই দিন আগে, ২১ জুলাই ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে এসেক্সের হয়ে মৌসুমের একমাত্র মূল দলের ম্যাচে অংশ নিয়েছিলেন রবিন। তবে অভিযোগ গঠনের পরেই ক্লাব কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করে।

এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, "এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে যে, চুক্তিবদ্ধ এক পুরুষ ক্রিকেটারকে সম্প্রতি ক্লাবের বাইরের একটি ঘটনার প্রেক্ষিতে আদালতে পেশ করা হয়েছে। ক্লাব এ বিষয়ে শুরু থেকেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) এবং ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। ওই খেলোয়াড়কে সাথে সাথেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এই স্থগিতাদেশ বজায় থাকবে।"

ক্লাবটি আরও জানায়, বিচারপ্রক্রিয়া চলমান থাকায় বর্তমানে এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে পারছে না। তবে ক্লাবের নিজস্ব কঠোর শৃঙ্খলাবিধি ও নীতিমালা অনুযায়ী সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

২০২০ সালে এসেক্সের হয়ে অভিষিক্ত রবিন দাস এ পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে সফরকারী আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন তিনি। একই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্স দলেরও অংশ ছিলেন তিনি। ২০২৩ সালে বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন সুনামগঞ্জে জন্ম নেওয়া রবিন দাস। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নেট ব্যাটার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই তরুণ ক্রিকেটারের।