ঝিনাইদহে অবৈধভাবে সার মজুদ, ডিলারকে জরিমানা

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে এক বিএডিসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেসার্স সৌভিক এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই শাস্তি প্রদান করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মজুদ করে রাখা ৩০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই সার তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। সার বিক্রির অর্থ এবং জরিমানার টাকাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের কোনো ধরনের কৃত্রিম সংকট রোধে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।