ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহাকে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক, প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং দূতাবাসের সঙ্গে কমিউনিটির যোগাযোগ নিয়ে আলোচনা করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি আব্দুর রহিম ও শাহ জামাল, অধ্যাপক তসলিম উদ্দিন, রশীদ পাটওয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, খেলাফত মজলিসের কাওছার উদ্দিন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা, প্রবাসীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জবাবে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিকতা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। পুনর্নিয়োগের মাধ্যমে তাঁর ওপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করে যাব। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব।
ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে তালহা বলেন, বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের স্বার্থ ও অগ্রাধিকার যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও জোরদারের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রদূত। তাঁর মতে, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি ও স্বার্থ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দূতাবাস ও প্রবাসীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বাড়িয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), কাউন্সিলর মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।