চট্টগ্রামের মহাপরিকল্পনা নিয়ে সিডিএ-রিহ্যাবের মতবিনিময়

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা (২০২৫-২০৫০) নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরিচালক মো. আবু ঈসা আনছারী।

মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরকে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা পর্যন্ত বিস্তৃত করে পৃথক জোনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

সভাপতির বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। ছোট আয়তনের এই দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করে থাকেন রিহ্যাবের সদস্যরা। এ খাতকে এগিয়ে নিতে তিনি সিডিএর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন চট্টগ্রামকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলতে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চট্টগ্রামকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাবের সদস্যদের পক্ষেই সম্ভব। এ বিষয়ে রিহ্যাবের মতামত, পরামর্শ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

সভায় বক্তব্য দেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্থ বিনতে নুর এবং পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী।

আলোচনায় অংশ নেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, আশীষ রায় চৌধুরী, রিহ্যাব সদস্য ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পি.ইঞ্জ. ও মুফাখখারুল ইসলাম খসরু। এ ছাড়া সিডিএর মাস্টার প্ল্যান প্রকল্পের উপপরিচালক ড. নুরুল ইসলাম ও কনসালট্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান আলোচনায় অংশ নেন।

সভা সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নুর মোহাম্মদ ও এস এম শহীদুল্লাহ, সিডিএর সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) মোহাম্মদ জামিলুর রহমান, প্রাক্তন প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের কনসালট্যান্ট শাহিনুল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, কনসালট্যান্ট মো. সাইমুম ইসলাম, উইকন প্রপার্টিজ লিমিটেডের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার এবং ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পরিচালক ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদসহ সংশ্লিষ্টরা।