ভাসানচরে ১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর দ্বীপে ১০ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র ও ১৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) নির্মাণ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বাস্তবায়নাধীন ‘ইলেক্ট্রিফিকেশন অ্যাট ভাসানচর অব নোয়াখালী ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সর্বনিম্ন দরদাতা চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সমন্বয়ে গঠিত সুহুয়া-পিএসডিসি জেভির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির মোট মূল্য ১৬৭ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৮৫৫ টাকা। এর মধ্যে বৈদেশিক মুদ্রার অংশ ৯০ লাখ ৪৯ হাজার ৫০০ মার্কিন ডলার এবং স্থানীয় মুদ্রার অংশ ৫৬ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা। চুক্তি বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে ১৮ মাস।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘হোস্ট অ্যান্ড এফডিএমএনএস/ডিআরপিএস এনহ্যান্সমেন্ট অব লাইভস থ্রু আ মাল্টি-সেক্টরাল অ্যাপ্রোচ (হেল্প)’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতাবহির্ভূত ভাসানচর দ্বীপে প্রকল্পটি অফ-গ্রিড হাইব্রিড বিদ্যুৎ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় স্থাপিতব্য ১৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটি দেশের অন্যতম বৃহৎ ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পের আওতায় সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্থাপন করা হবে। এর ফলে ভাসানচরে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমবে এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাসানচরে বসবাসরত জনগোষ্ঠী এবং সেখানে কার্যক্রম পরিচালনাকারী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার জন্য নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি দ্বীপটির দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিতে বিউবোর পক্ষে বোর্ড সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা এবং সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপক জিয়াং রুইহুয়া স্বাক্ষর করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত