জরিনা-মফজল সিটি কর্পোরেশন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন

শিক্ষার্থীদের ভেতরের অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত জরিনা-মফজল সিটি কর্পোরেশন কলেজের এডহক কমিটির দাতা সদস্য হরমোজ শাহ বেলাল। তিনি বলেন, শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। তাদের হাত ধরেই ভবিষ্যতে এ দেশ সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হরমোজ শাহ বেলাল বলেন, "শিক্ষা জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ ধাপ হলো উচ্চ মাধ্যমিক স্তর। এই মূল্যবান সময়ের সঠিক সদ্ব্যবহার করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অধিকারী হতে হবে।"

প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম কিংবা উদ্দেশ্যহীন ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট করে মনোযোগ ও স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত করছে। যা ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের সভাপতিত্বে এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক শিপুল দে।

এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসতাকুর ইসলাম আরিফ এবং গীতা পাঠ করেন স্নাতক (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী অপরাজিতা বিশ্বাস। পরে জাতীয় সংগীত পরিবেশন শেষে রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গণিত বিষয়ের সহকারী অধ্যাপক সুজিত কুমার দে, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ইসরাত জাহান, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আবু হেনা মো. মহসীন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।