মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের সদস্য জাহেদ হোসেন তাজিনের ছোট ছেলে ওয়াশিক জাহেদ ইয়াফী (৮) ও তার দল ‘SYT Innovators’।
সিলেট শহরের স্টেমেস স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াফী ও তার দল মালয়েশিয়ার পেটালিং জায়ায় অবস্থিত SEGi University-তে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয়। ‘আইটি অ্যান্ড রোবোটিক্স’ ক্যাটাগরিতে নিজেদের তৈরি ‘AI Military Rover’ প্রদর্শন করে তারা গোল্ড মেডেল অর্জন করে।
জানা গেছে, ২১ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর। এতে বিশ্বের ৩০টিরও বেশি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান অংশ নেয়। আন্তর্জাতিক পর্বে ৫১৭টি দল নিবন্ধিত হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঁচ হাজারের বেশি তরুণ গবেষক ও উদ্ভাবক এতে অংশ নেন। বাংলাদেশ থেকে ২৩টি দল বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।
ছেলে ও তার দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জাহেদ হোসেন তাজিন বলেন, মঞ্চে যখন ‘GOLD MEDAL goes to WASHIQ JAHED YAFI - SYT INNOVATORS, BANGLADESH’ ঘোষণা করা হলো, তখন আমার চোখে পানি চলে এসেছিল। এটা শুধু একটা মেডেল নয়, এটা আমার ছেলের ঘাম, শ্রম ও নির্ঘুম রাতের ফসল।
তিনি আরও বলেন, ‘ইয়াফী আমার ছেলে, কিন্তু আজ সে পুরো বাংলাদেশের ছেলে। সে প্রমাণ করেছে, আমাদের দেশের তরুণরা সুযোগ পেলে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।’