মুন্সীগঞ্জে পুলিশের ‘লুট হওয়া’ ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের ‘লুট হওয়া’ চায়না রাইফেলের ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন তথা এসআরবি সদস্যরা।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলার শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়। 

এসআরবি-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ওই দিন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বালাশুর বানিয়া বাড়ির জনৈক আবজল আখনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় এসআরবি-১০ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল। এ সময় ওই বাড়ির দক্ষিণ পাশে খোলা জায়গায় তল্লাশি করে তাজা কার্তুজগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।