মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও ৯৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মাসুদ (৩৩), আল্লাম শেখ (৩৬), মো. সাজিব ফকির (২৯)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান এসব তথ্য জানান।
এসময় পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, এসআই সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল মাওয়া ঘাট এলাকায় একটি গ্যারেজের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজে থাকা অটোরিকশার ৯৫ পিস পুরাতন ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।