পাকিস্তানি শিল্পীদের কনসার্ট নিয়ে হামিন আহমেদ

‘একপেশে বিষয় কখনো টেকে না’

বাংলাদেশে বিদেশি তথা পাকিস্তানি শিল্পীদের একাধিক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়া নিয়ে সাংস্কৃতিক বিনিময়ের পারস্পরিকতা এবং কনসার্ট আয়োজনের অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মাইলসের সংগীতশিল্পী হামিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানতে চেয়েছেন, গত পাঁচ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছেন। তার মতে, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান একতরফা হলে তা অর্থবহ হয় না। হামিন আহমেদ লিখেছেন, ‘কোনো একপেশে বিষয় কখনো টেকে না। এটি পারস্পরিক হতে হবে, নয়তো একেবারেই না! আমাকে বলুন, আজ পর্যন্ত বা এমনকি গত পাঁচ বছরে কতজন বাংলাদেশি শিল্পী বা ব্যান্ড পাকিস্তানে গিয়ে পারফর্ম করেছে? এটি বললেই আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কী বোঝাতে চাচ্ছি।’ 

পাকিস্তানের পাশাপাশি ভারতের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন হামিন। তার ভাষ্য, সেখানেও পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদান খুবই সীমিত। শিল্প ও সংস্কৃতি একতরফাভাবে বিকশিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। হামিনের প্রশ্ন, অন্য পাশের দরজা বন্ধ থাকলে বাংলাদেশ কেন নিজেদের দরজা খুলে রাখবে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি; বরং গত পাঁচ বছরে বাংলাদেশি শিল্পীদের পাকিস্তানে পারফর্ম করার সংখ্যা জানতে চেয়েছেন। 

শুধু সাংস্কৃতিক বিনিময় নয়, কনসার্ট আয়োজনের অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মাইলসের এই সংগীতশিল্পী। তার প্রশ্ন, প্রয়োজনীয় সব অনুমোদন হাতে পাওয়ার আগেই কীভাবে আয়োজক প্রতিষ্ঠানগুলো টিকিট বিক্রি শুরু করার সুযোগ পায়। একই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকায় পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে  তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল। এর মধ্যে আজ পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও ব্যান্ড জালের পাশাপাশি বাংলাদেশের জেমস, নেমেসিস ও লেভেল ফাইভের পারফর্ম করার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে আয়োজনটি স্থগিত করা হয়েছে।একই দিনে ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ নামে আরেকটি কনসার্ট হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি বাংলাদেশের হাবিব ওয়াহিদের পারফর্ম করার কথা ছিল। সেটিও স্থগিত হয়েছে। 

অন্যদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামে পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট হওয়ার কথা ছিল। এতে কাভিশের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজনটি স্থগিত করা হয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশন্স জানিয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।