১৬ বছর পর একক গানে হামিন আহমেদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম

ব্যান্ড মাইলসের বাইরে ২০০৬ সালে একেক গান প্রকাশ করেছিলেন হামিন আহমেদ। এর ১৬ বছর পর টিএম রেকর্ডসের ব্যানারে এলো ‘যেও না চলে’।

সম্প্রতি টিজার প্রকাশের পর শুক্রবার অনলাইনে এসেছে পুরো গানটি। রোমান্টিক ট্র্যাকটির কথা ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। আর কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন হামিন, বাজিয়েছেন গিটারও।

যেও না চলে, না বলে, কিছু না বলে, যেতে নেই– এমন কথার গানটি নিয়ে হামিন আহমেদের অভিমত, ‘এ গানের যে কথা তা প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো অনুভূত হয়। গানটা সেরকম একটি অনুভূতি থেকেই তৈরি। টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানের অডিও-ভিজুয়াল উপস্থাপন করছে, এ রকম মানসম্পন্ন কাজ আমি খুব একটি দেখিনি আমার সংগীতজীবনে।’

আরও বললেন, ‘আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনো খুব বেশি সময় দিইনি কোথাও। ব্যান্ডের বাইরেও কিছু ধরনের গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরনের কিছু গান এখন থেকে গাইবো।’

মালদ্বীপে চিত্রায়িত গানচিত্রে দুই মডেলের সঙ্গে অংশ নিয়েছেন হামিন নিজেও।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান নাহিদ।

টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত