এবার জিতের নায়িকা ইধিকা!

ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি তারকা। এরপর বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক। প্রথম সিনেমাতেই বাজিমাত। এরপর দৃষ্টি কাড়েনটলিউড নির্মাতাদের। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে দুই বাংলার চলচ্চিত্রের তুমুল চাহিদাসম্পন্ন নায়িকা হিসেবে ব্যস্ত হয়ে পড়েন ইধিকা পাল। কাজ করছেন বাঘা বাঘা নায়কের সঙ্গে। 

সেই ধারাবাহিকতায় শাকিব, দেবের পর এবার টলিউড সুপারস্টার জিতের নায়িকা হচ্ছেন এই লাস্যময়ী- এমনই খবর নিয়ে জোর চর্চা এখন টলিপাড়ায়। শোনা যাচ্ছে, এরইমধ্যে জিৎ ও ইধিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তা চলছে । যদিও এখন পর্যন্ত অভিনেত্রী বা জিতের প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

ছবিটি পরিচালনা করার কথা ‘কে বলে বিপ্লবী’, ‘কে বলে ডাকাত’-এর পরিচালকের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সম্ভাব্য অভিনেত্রী হিসেবে ইধিকাকে নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে আপাতত ইধিকা-জিতের জুটি বড় পর্দায় আসছে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো বিষয়টিই থাকছে জল্পনার স্তরে।