এশিয়ান গেমসের পুরুষ হকি টুর্নামেন্টে শুরুটা দুঃস্বপ্নের মতো হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল। সেই আত্মবিশ্বাস ধরে রেখে এবার ইন্দোনেশিয়ার বিপক্ষেও বড় জয় তুলে নিল আমিরুল-জিমিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।
আজ শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচটা শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফর্মে থাকা আমিরুল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নেয় বাংলাদেশ।
৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সেই আমিরুলই। এর ঠিক পাঁচ মিনিট পর, অর্থাৎ ৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ইন্দোনেশিয়ার আওলিয়া আল আরদের গোল করলেও তা কেবলই কমিয়েছে ব্যবধান। ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। নকআউট পর্বে ওঠার সমীকরণে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা।