একমাত্র টি-টোয়েন্টিতে ভারতকে চমকে দেওয়ার পর এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও দারুণ লড়াই করে জাপান। এবার নেপালকে রুখে দিয়ে স্বাগতিকরা দেখছিল কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। তবে সেই স্বপ্ন ভেস্তে গেল বৃষ্টির বাঁধায়। এতে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে নেপাল, সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ রানার্স আপ হয়ে ভারতের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
নিশিনেতে আজ গ্রুপ এ-এর শেষ ম্যাচে নেপালের রান পাহাড়ে চড়ার চ্যালেঞ্জ ছিল জাপানিদের সামনে। তবে ব্যাট হাতে সেই লড়াইয়ে নামার সুযোগই পেল না তারা; অবিরাম বৃষ্টির কারণে রান তাড়ার পুরো ইনিংসটিই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ায় করুণ বিদায়ঘণ্টা বেজে যায় স্বাগতিকদের।
ম্যাচটিতে টস জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় জাপান। বৃষ্টির কারণে প্রথম ইনিংসের পঞ্চম ওভারেই একবার খেলা বিঘ্নিত হয়, যা চলতে থাকে দফায় দফায়। তবে সব বাধা পেরিয়ে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানের শক্ত এক পুঁজি গড়ে তোলে নেপালিরা। ইনিংসে শুরুতে কুশল ভুর্তেল, কুশল মাল্লা ও গুলশান ঝা দ্রুত আউট হয়ে সিঙ্গেল ডিজিটে ফিরলেও আসাফ শেখের ১৫ বলে ২১ রানের কার্যকর ইনিংস দলকে প্রাথমিক স্বস্তি দেয়।
এরপর ইনিংসের আসল ঝড়টি তোলেন সুন্দীপ জোরা ও লোকেশ বাম। তিন নম্বরে নেমে শুরু থেকেই দলের হাল ধরা জোরা ৩২ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দিয়ে উইকেটে তাণ্ডব চালান লোকেশ, যিনি মাত্র ২২ বলে ১ টি চার ও ৬ টি ছক্কায় ৫২ রানের বিস্ফোরক এক অপরাজিত ইনিংস খেলেন।
কিন্তু জাপানের কপালে ট্র্যাজেডি লেখা ছিল রান তাড়ার সময়। নেপালের দেওয়া ১৪৯ রানের সেই কঠিন লক্ষ্য তাড়ার জন্য মাঠে নামার মুখেই আকাশ ভেঙে নামে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
এই চরম হতাশার সমাপ্তিতে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জাপান। বিপরীতে, এই পরিত্যক্ত ম্যাচের সুবাদে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার-ফাইনালে নাম লেখাল নেপাল। আর দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে শেষ আটের টিকিট কেটেছে আফগানিস্তান।