বিশ্বকাপ মাতানো ভোজিনহার ভুলে হারল কেপ ভার্দে

বিশ্বকাপে চমক জাগানো ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহার জন্য ম্যাচটি হতে পারত ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বল অধ্যায়। কিন্তু বক্সের বাইরে বেরিয়ে এসে তার করা একটি মারাত্মক ভুল পুরো দলের সব পরিশ্রম মাটি করে দিল। ফলাফল, মালির কাছে ৩-১ গোলের অনাকাঙ্ক্ষিত হার নিয়ে মাঠ ছাড়তে হলো কেপ ভার্দেকে।

বিশ্বকাপের পর গতকাল রাতে প্রথমবার মাঠে নেমে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে হোঁচট খেয়ে নতুন এই মিশন শুরু করেছে 'ব্লু শার্কস'রা। আর এই হারের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ভোজিনহা নিজেই, যার একটি মারাত্মক ব্যক্তিগত ভুল দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

বামাকোর মার্চ ২৬ স্টেডিয়ামে 'কে' গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করার চেষ্টা করে স্বাগতিক মালি। ম্যাচের পঞ্চম মিনিটেই মিডফিল্ডার অঁজে তিয়ার গোলে এগিয়ে যায় তারা। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নিয়ে সমতায় ফেরে কেপ ভার্দে। দশম মিনিটে সিডনি লোপেস ক্যাব্রালের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে খেলায় ফেরে ১-১ সমতা।

এরপর প্রথমার্ধের শেষভাগে ৩৯ মিনিটে ফরোয়ার্ড নেনে দোরগেলেসের চমৎকার শটে ফের এগিয়ে থেকে বিরতিতে যায় মালি (২-১)।

তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় ও দুর্ভাগ্যজনক মুহূর্তটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৫১ মিনিটে মালির পক্ষে ব্যবধান বাড়ান সেই দোরগেলেসই, সেখানেই ভুল করে বসেন ভোজিনহা। ডি-বক্সের বেশ খানিকটা বাইরে বেরিয়ে এসে বুকে করে বল নামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে গিয়ে বলটিকে অনেক দূরে ঠেলে দেন এবং খুব সহজেই প্রতিপক্ষের পায়ে বল তুলে বসেন। এই চরম বোকামি ও মারাত্মক ভুলকে কাজে লাগিয়ে ফাঁকা জালে সহজেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি তুলে নেন দোরগেলেস।

এই ভুলের মাশুল গুনে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে কেপ ভার্দে। ম্যাচজুড়ে ভোজিনহা চারটি সেভ করলেও তার ওই একটি ভুলই সব অর্জন ম্লান করে দেয়। বুবিস্তার পর নতুন কোচ হুমবার্তো বেটেন কোর্টের অধীনে এটিই ছিল ম্যাচ। সেই হতাশা পেছনে ফেলে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে রুয়ান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে 'ব্লু শার্কস'রা।