২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের শুরুতেই হোঁচট খেল টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল মিসর। গতকাল রাতের এই ম্যাচে ঘরের মাঠে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফারাওরা। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা।
মিসরের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়া এবং ম্যাচের ৬০ মিনিটে মোহামেদ সালাহকে তুলে নেওয়ার মতো বিতর্কিত কৌশলী সিদ্ধান্তে গ্যালারিতে যখন উত্তেজনা ফুটছে, ঠিক তখনই সব আলো কেড়ে নিলেন অ্যাঙ্গোলার সেনেগালিজ কোচ আলিউ সিসে। ডাগআউটে বসে তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে দিয়েছে।
ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে প্রতিপক্ষ কোচ হোসাম হাসানকে টিটকারি দিতে গিয়ে ২০২৬ বিশ্বকাপের সেই আলোচিত মুহূর্তটি মনে করিয়ে দেন সিসে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলে হেরে যাওয়ার পর মিসরের কোচ হাসান রেফারিকে লক্ষ্য করে দুই হাত ক্রস করে যে বিখ্যাত অঙ্গভঙ্গি করেছিলেন, অবিকল সেটিরই অনুকরণ করেন সিসে।
রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে করা সেই ইশারার পুনরাবৃত্তি করে মিসরীয় স্টাফ ও গ্যালারির দর্শকদের ইচ্ছাকৃতভাবে খেপিয়ে তোলেন অ্যাঙ্গোলান কোচ। তার এই ব্যঙ্গাত্মক আচরণ কায়রোর উত্তপ্ত পরিবেশকে আরও বাড়িয়ে দেয়।
অথচ এই ড্রয়ের আগে মাঠে মিসরের আক্রমণভাগ নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিল। মোস্তফা জিজোর একটি দারুণ আক্রমণ থেকে বল জালে জড়ালেও লাইভ অফসাইডের কারণে ফারাওদের উল্লাস পণ্ড হয়ে যায়। ম্যাচের মোড় ঘোরাতে কোচ সালাহ ও হাইথাম হাসানকে মাঠ থেকে তুলে নিয়ে তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম ও জিজোকে নামালেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি স্বাগতিকরা।
এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বের শুরুতেই বড় ধাক্কা খেল মিসর। দিনের অপর ম্যাচে দক্ষিণ সুদানের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে মালাউই। আর ড্র করে এক পয়েন্ট নিয়ে মালাউইয়ের ঠিক পেছনেই অবস্থান করছে মিসর ও অ্যাঙ্গোলা।
কোয়ার্টার ফাইনালে আবারও মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ