খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ভর্তি হন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলাতেই সর্বোচ্চ ২২৬ জন (জেলায় ১৫৪ জন ও খুমেক হাসপাতালে ৭২ জন) রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটে ১১, নড়াইলে ১২, সাতক্ষীরায় ১৭, কুষ্টিয়ায় ৪, মেহেরপুরে ৪ এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০২ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৪ জন। মোট রোগীর মধ্যে ১০ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেলেও বর্তমানে ১ হাজার ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।