রাজধানীর পুরান ঢাকার বাদামতলীর শাহাজাদা মিয়া লেনে অবস্থিত ফাতেমা খাতুন জামে মসজিদের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক মোতোয়াল্লী মাহবুব আলমের বিরুদ্ধে ভুয়া ও জাল দলিল তৈরি করে মসজিদের জমি নিজের পরিবারের নামে লিখে নেওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার শাহাজাদা মিয়া লেনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাতেমা খাতুন জামে মসজিদের বর্তমান মোতোয়াল্লী হাজী রহমত উল্লাহ ও জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ আলী মিয়া।
এ সময় বক্তারা মাহবুব আলমের মোতোয়াল্লী পদ বাতিল করে পুনরায় হাজী রহমত উল্লাহকে মসজিদের মোতোয়াল্লী হিসেবে নিয়োগ দেওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে মসজিদের জায়গাটি দ্রুত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সুনজর কামনা করেন তারা।