এআই ও সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক নাঈমুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা গবেষণায় যুক্তরাষ্ট্রে সফলতার সঙ্গে কাজ করছেন বাংলাদেশি প্রযুক্তিবিদ মো. নাঈমুল আহসান। প্রায় নয় বছরের দেশি-বিদেশি অভিজ্ঞতা সমৃদ্ধ এই গবেষক বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কর্মরত।

মো. নাঈমুল আহসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ফরিদা আহসানের সন্তান। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে সাইবার নিরাপত্তায় মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। সেখানে ৪.০০-এর মধ্যে ৩.৯২ জিপিএ পেয়ে ‘সামা কাম লডে’ সম্মান অর্জন এবং ‘প্রতিষ্ঠাতা বৃত্তি’ লাভ করেন।
 
বর্তমানে তার গবেষণার মূল ক্ষেত্র ওপেন ব্যাংকিংয়ে তৃতীয় পক্ষের এপিআই ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি ও পরিচালনাগত ক্ষতি বিশ্লেষণ। পাশাপাশি ডিপ লার্নিং, সরবরাহ চেইনের পূর্বাভাস, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ নিয়েও তিনি গবেষণা করছেন।

এছাড়া ‘ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সি’র অর্থায়নে প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ব্যাখ্যাযোগ্য এআই কাঠামো তৈরির লক্ষ্যে পরিচালিত একটি যৌথ প্রকল্পের ছয়জন মূল গবেষকের অন্যতম তিনি।

কর্মজীবনে নাঈমুল আহসান বাংলাদেশে ওমেগা এক্সিম লিমিটেড, বিবি আইটি ও এক্সেল টেকনোলজিস লিমিটেডে বিভিন্ন দায়িত্ব সামলেছেন। টেলিযোগাযোগ, ব্যাংকিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তি খাতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সফটওয়্যার সমাধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি পিএমপি, কম্পটিএ সাইএসএ+ এবং সিসকো সিসিএনএ সনদপ্রাপ্ত। একই সঙ্গে তিনি পিএমআই লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার, আইইবি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্য। ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহার, ডিপফেক প্রতিরোধ এবং ঝুঁকিভিত্তিক প্রযুক্তি কাঠামো গঠনে অবদান রাখতে চান এই গবেষক।