অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতার আহ্বান পবিপ্রবি ভিসির

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করার লক্ষ্যে পোল্ট্রি খামারীদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উপাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন, খামার পর্যায়ে সঠিক ব্যবস্থাপনা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।

কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অনুষ্ঠান শেষে নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।