যুদ্ধ বিমান পুনঃস্থাপনে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার পরিদর্শনে বিমান বাহিনীর টিম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

পটুয়াখালীর লেবুখালী পাগলা ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধ বিমান পুনঃস্থাপনের উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম সরেজমিন পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে ৬ সদস্যের টিমটি নির্ধারিত স্থান ঘুরে দেখে সম্ভাব্য স্থাপনা, নিরাপত্তা ও কারিগরি বিষয়াদি পর্যালোচনা করে।

পরিদর্শনের আগে টিমের সদস্যরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে তারা ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় যুদ্ধ বিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি দিকগুলো নিয়ে প্রাথমিক ধারণা নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থান নির্ধারণ, ভিত্তি নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ বিমানটি পুনঃস্থাপন করা গেলে এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো এলাকার জন্য একটি পরিচিতি ও আকর্ষণীয় স্থাপনা হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তৎকালীন বিএনপি সরকারের সময়ে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সহযোগিতায় লেবুখালীর পাগলা গোলচত্তরে একটি যুদ্ধ বিমান স্থাপন করা হয়। পরে সেটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এয়ারো সাইন’ হিসেবে পরিচিতি পায় এবং স্থানটি ‘ইউনিভার্সিটি স্কয়ার’ নামে পরিচিত হয়।

পরবর্তীতে পায়রা সেতু নির্মাণকাজের সময় সড়ক উন্নয়নের স্বার্থে যুদ্ধ বিমানটি অপসারণ করা হয়। বর্তমানে একই স্থানে পুনরায় বিমানটি স্থাপনের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত