এআই প্রযুক্তি ব্যবহার করে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা: গ্রেপ্তার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) এবং হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি জানায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের মোবাইলে ফোন করে প্রতারক চক্র। তারা জানায়, তার ছেলে তামিম আল মাহী ও কয়েকজন বন্ধু মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় প্রতারকরা এআই প্রযুক্তি ব্যবহার করে হুবহু তার ছেলের কণ্ঠ নকল করে কথা বলে বিশ্বাস অর্জন করে। ছেলেকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে টাকা দাবি করলে আমিনুল ইসলাম দুই দফায় বিকাশের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। পরবর্তীতে ছেলের সঙ্গে যোগাযোগ করে তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন।

এই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর আমিনুল ইসলাম নাটোর সদর থানায় একটি মামলা করেন। মামলার পর এসআরবি গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে গোবিন্দগঞ্জে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।