বাগেরহাটে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন নামের সাত বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার  (২৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের মধ্যপাড়ার জাহাঙ্গীর নামের এক ব্যক্তির পানের বরজের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। কারা কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি।
 
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় প্রতিবেশি জাহাঙ্গীর ও তার দুই ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে কারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।  রবিবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
 
অন্যদিকে, এই ঘটনা জানাজানির পর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বিক্ষুব্ধ কিছু গ্রামবাসী জাহাঙ্গীরের বসতঘরে অগ্নি সংযোগ করেছে। 
 
নিহত মুসলিমা খাতুন মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের মধ্যপাড়ার ইসলাম শেখের মেয়ে।
 
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম রাতে এই প্রতিবেদককে বলেন, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি মাঠে সাত বছর বয়সী শিশু মুসলিমা তার বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যায় হয়ে আসলে সে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা আশেপাশে খুজতে নামে। এক পর্যায়ে জাহাঙ্গীরের পানের বরজের পাশে গলাকাটা অবস্থায় মুসলিমাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির পানের বরজের পাশ থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে । হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় প্রতিবেশি জাহাঙ্গীর ও তার দুই ছেলেকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  কারা কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এই হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে কারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
 
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন এই প্রতিবেদককে বলেন, বিক্ষুব্ধ কিছু গ্রামবাসী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশী হেফাজতে থাকা জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বসত বাড়িতে এবং পানের বরজে অগ্নি সংযোগ করেছে। শিশু খুনের ঘটনার পর ওই এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌছানোর পর বিস্তারিত বলতে পারব।