এআই এজেন্টের প্রসার বাড়াতে নতুন ভিআর গ্লাস, গ্যাজেট আনল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অগ্রগতির ওপর জোর দিলেও নিজের স্বপ্নের মেটাভার্স প্রকল্প থেকে সরে দাঁড়াননি মেটারপ্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। দুটি বিষয়কেই সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘মেটা কানেক্ট’-এর মঞ্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গ নতুন ‘মেটা ভিআর গ্লাস’ উন্মোচন করেছেন।

কোম্পানির পুরনো ‘কোয়েস্ট’ ব্র্যান্ডের ভিআর হেডসেটগুলোর তুলনায় এটা আকারে ছোট ও হালকা।  মেটার সম্প্রতি প্রকাশ পাওয়া মেটার এআই এজেন্ট ‘মিউজ এআই’-এর সঙ্গে কাজের উপযোগী ‘মিউজ চার্ম’ নামে হাতের মুঠোয় রাখার মতো গ্যাজেটও এনেছেন জাকারবার্গ। ‘মিউজ চার্ম’ ঠিক কী কী কাজ করবে সে বিষয়ে খুব বেশি বিশদ বিবরণ দেননি তিনি।

তিনি বলেছেন, ব্যবহারকারীরা ফোন আনলক করা বা কোনো অ্যাপ খোলা ছাড়াই এ ডিভাইসের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের মেটা এআই এজেন্টের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারবেন। ডিভাইসটির দাম কত হবে সে বিষয়েও কিছু জানাননি জাকারবার্গ। মেটাকে এখন এর ‘যন্ত্রাংশগুলো সাজানোর কাজ চূড়ান্ত করতে হবে’ জানিয়ে জাকারবার্গ বলেছেন, তারা ‘ডিসেম্বরে ছুটির মৌসুমের আগেই ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনা করছেন’।

নতুন ডিভাইসটির প্রশংসায় জাকারবার্গ বলেছেন, ‘ছোট ডিভাইসটির মধ্যে আমরা অনেক প্রযুক্তি প্যাক করেছি। আপনি যদি চশমা না পরে থাকেন তবে আপনার মিউজের সঙ্গে কথা বলার ও আপনার আশপাশের পরিস্থিতি এটাকে দেখানোর এটাই হবে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম মাধ্যম।’ মেটার পুরনো কোয়েস্ট ব্র্যান্ডের ভিআর হেডসেটগুলোর তুলনায় সিøম ও হালকা হলেও নতুন ‘মেটা ভিআর গ্লাস’-এর দাম কিছুটা বেশি। আগামী ২০২৭ সালের বসন্তে বাজারে এলে ডিভাইসটির দাম পড়বে ১ হাজার ২৯৯ ডলার।