সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে সাতক্ষীরায় তিনজনের প্রাণহানি

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর)  রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় ও তালা উপজেলার পাটকেলঘাটা ওভারব্রিজে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। একই দিন বিকেলে আশাশুনির কচুয়া গ্রামে বজ্রপাতে এক নারী মারা যান।

নিহতরা হলেন- আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন (২৫), আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর খুলনার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই মারা যান। তিনি ডুমুরিয়া এলাকায় একমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

দুজন ওসি জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

আশাশুনি থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ জানান, শনিবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে বাড়ির পেছনে ঘাস কাটছিলেন রুবিনা খাতুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।