কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লা জেলায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৫৪ জন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলার ১৮ থানা এলাকায় পুলিশের একাধিক টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান রবিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার চারজনের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য বেরিয়ে এলে জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই গ্যাং কালচার রোধে তৎপর হয়ে ওঠে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা নগরীসহ পুরো জেলার বখাটে ও কিশোর গ্যাংপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

আটক ব্যক্তিদের অপরাধে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জুড়ে একই ধরনের অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।