ঝিনাইদহ সদরের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করেছে স্থানীয়রা। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ওই উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত রকি আহমেদ (২৫) একই উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের উত্তরপাড়ায় একটি ঘাষের জমিতে পার্শ্ববর্তী গ্রামের রকি নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে বলে গ্রামবাসীর ধারণা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।