গজারিয়ায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ কোম্পানিতে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় উপজেলার শান্তিনগর এলাকায় নিউ হোপ কোম্পানির পিপি স্টোর রুমে এই ঘটনা ঘটে।

মৃত মো. বিল্লাল হোসেন (৬০) কুমিল্লার চান্দিনার তীরচর গ্রামের ফজলু বেপারীর ছেলে এবং তিনি নিউ হোপ কোম্পানির প্রোডাকশন বিভাগে শ্রমিক। তিনি সেখানে দীর্ঘ ৮ বছর ধরে কর্মরত ছিলেন।

মৃত বিল্লালের মেয়ের জামাই আবু মুসা বলেন, ঘটনা ভোর রাতে হলেও আমাদের সকালে জানানো হয়। তারা প্রথমে জানায় আমার শ্বশুর অসুস্থ দ্রুত আসার জন্য। পরে আবার জানায় তিনি স্ট্রোক করছে। এসে শুনি তার লাশ একটা গাড়িতে করে গেটের বাহিরে নিয়ে যেতে চাইছে,ঘটনাস্থলে যেতে চাইলে তারা আমাদের বাধা দেয়, এরপর কয়েক ঘণ্টা বসিয়ে রেখে ২ লাখ টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টা করা হয়েছিল।

নিহতের স্ত্রী আঁখি আক্তার বলেন, আমার স্বামীর মৃত্যু সন্দেহজনক।  তার কানের দুইপাশেই কাঁটা, মাথায় গুরুতর জখমের চিহ্ন আছে। তাছাড়া ১৫দিন আগেও স্টোরের ম্যানেজার ও তার ভাই আমার স্বামীকে মারধর করেছে। পুলিশ ও সাংবাদিকরা আসার আগে তারা এটা সমঝোতা করার চেষ্টা করেছেন।

মৃতের এলাকা বাতাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন,আমারা খবর পেলাম আমার এলাকার একজন মানুষকে এখানে মেরে ফেলে রাখছে, এসে দেখলাম রক্তাক্ত অবস্থায় একটা গাড়িতে তার লাম রাখা। তারা সামান্য কিছু টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টা করছে,আমরা টাকা চাই না,আমরা এই হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও ন্যায় বিচার চাই।

এবিষয়ে নিউ হোপ কোম্পানির প্রোডাকশনের এজিএম সালউদ্দিন বলেন, নিহত শ্রমিক দৈনিক হাজিরা দীর্ঘ দিন যাবৎ কাজ করেছেন। আজ স্টোর রুমে অসাবধানবশত ফর্কলিফট গাড়ির দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।