২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় বদলে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জয়নালের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জয়নাল সরদারের বিরুদ্ধে ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন। গ্রেপ্তারের পর জয়নালকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি জয়নাল সরদারকে সোনাডাঙ্গা থানায় ২ ঘন্টা রাখার পর আবার তাকে এসআরবি নিজস্ব হেফাজতে নিয়ে যায়।