খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

খুলনা নগরীর একটি আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবক সোহেল রানা বাবু নগরীর লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। তার কথিত স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, যুবক সোহেল রানা বাবু ও ফাতেমা আক্তার গত ১৯ সেপ্টেম্বর রাত ৯টায় স্বামী স্ত্রীর পরিচয়ে কপোতাক্ষ আবাসিক হোটেলে ওঠেন। সেখানে বিয়ের দাবি ও নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফাতেমা আক্তার ওড়না পেঁচিয়ে সোহেল রানাকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা ও সোহেল রানার স্ত্রী শারমিন হোটেলে আসেন। তার  ৮ বছরের এক ছেলে সন্তান আছে।

হোটেলের ম্যানেজার জানিয়েছেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ফাতেমা আক্তার অস্বাভাবিক অবস্থায় এসে বলে সে একজনকে শেষ করে দিয়েছে। পরে হোটেল কর্মীরা ওই কক্ষে দিয়ে মেঝেতে সোহেল রানার মরদেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ তখন ৯৯৯ এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। রাত চারটার সময় পুলিশ ঘটনাস্থলে আসে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রাত ৪টার সময় খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলায় ওড়না পিছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার কথিত স্ত্রী ফাতেমা আক্তার স্বীকার করেছে। ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত