চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক ২৪নং দোহাজারী ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম আহমদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ. রহমান স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, মিলাদ মাহফিল, স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান।
মরহুমের ছোট ছেলে আক্তারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবর, নাহার গ্রুপের চেয়ারম্যান ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি এবং যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন।
সভায় বক্তারা বলেন, মরহুম আহমদুর রহমান ছিলেন দোহাজারীতে শিক্ষা বিস্তারের অগ্রদূত। তিনি কেবল একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, একটি আলোকিত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার হাতে গড়া প্রতিষ্ঠান থেকে বহু কৃতি শিক্ষার্থী আজ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সাংবাদিক জাবের বিন আরজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা. জাকের হোসেন, ওবাইদুল আকবর টুটুল, প্রফেসর মিনহাজুল হুদা, জানে আলম, আবদুল্লাহ আল নোমান বেগ, নুরুল আলম ঠিকাদার, কবি ও কথাসাহিত্যিক এ.কে.এম মাহফুজুর রহমান, কাজী আবু তৈয়ব, আরিফুল ইসলাম সুমন, এস.এম রহিম, এম রফিক মিয়া চৌধুরী, কায়সার আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে মেজবানের আয়োজন করা হয়।