সরকারি চাকরিকে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাশকৃত প্রার্থীদের অবৈধভাবে বাতিলের অভিযোগে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উক্ত মানববন্ধন আয়োজিত হয়।
এসময়, ভেরিফিকেশনের নামে বিএনপি সরকার দলীয়করণ করছে। এমনভাবে নিয়োগের মাধ্যমে সরকার স্বৈরাচারি আচরণ করছে। সরকার এমন কর্মকাণ্ড বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হল সংসদের নেতারা।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরেও প্রার্থীদের ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করার পরও কেন প্রার্থীরা বাদ পড়েছে, তাদেরকে সেটা জানানো হয়নি। তাদেরকে কেন বাদ দেওয়া হলো, সরকারকে সেটা স্পষ্ট করতে হবে। প্রার্থীদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ না দিতে পারলে অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগ দিতে হবে।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, প্রত্যেকটা জায়গায় সরকার দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ভেরিফিকেশনের নামে সরকার আবার প্রহসন শুরু করেছে। ভেরিফিকেশনের যদি এতই দরকার হয়, তাহলে পরীক্ষার আগে ভেরিফিকেশন করা উচিত। পরীক্ষার্থীরা কষ্ট করে প্রিলি, লিখিত এবং ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর কেন তাদের বাদ দেওয়া হবে। তাই বলতে চাই, অবিলম্বে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া প্রার্থীদের চাকরিতে নিয়োগ দিতে হবে।
এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের উপর স্বৈরাচারি আচরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের বোবা কান্না আমরা দেখেছি। এই বোবা কান্না যদি তারেক রহমানের কানে না পৌঁছে। শিক্ষার্থী কান্না তারেক রহমানের মসনদ কাঁপিয়ে দেওয়ার আগেই আজকে এখানে উপস্থিত হয়েছি। ভেরিফিকেশনের নামে দলীয়করণের পাঁয়তারা বন্ধ না করলে সারাদেশের শিক্ষার্থীরা আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
মানববন্ধনে রাকসু, হল সংসদের নেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।